ঢাকা,  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,

ঠাকুরগাঁও-১ আসনে ভোট আজ

১৮৫ কেন্দ্রে ভোটগ্রহণ, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ আসনে ভোট আজ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

এ আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্র ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

নির্বাচনের আগের দিন বুধবার বিএনপি ও ১১-দলীয় ঐক্যের প্রার্থীরা পৃথক সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ফলে ভোটের আগে নির্বাচনী মাঠে উত্তেজনা ও আলোচনা তৈরি হয়।

এ আসনে মোট ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকের ভোটের মধ্য দিয়ে নির্ধারিত হবে ঠাকুরগাঁও-১ আসনের নতুন সংসদ সদস্য।