ছবি: সংগৃহিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রের মুখে জিম্মি করে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে তাঁর অটোরিকশার গতিরোধ করে টাকাভর্তি ব্যাগ ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের রাজচন্দ্রপাড়া মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শামসুন নাহার উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি রেজিস্ট্রি করার জন্য ২৫ লাখ টাকা নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন শামসুন নাহার। পথে রাজচন্দ্রপাড়া মঙ্গলখালী এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা আট থেকে ১০ জনের একটি দল তাঁর অটোরিকশার পথ আটকে দেয়।
এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ‘ব্যাগ দে, নইলে গুলি করে দেব’ বলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। ছিনতাই শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




















