ঢাকা,  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,

মধ্যপ্রাচ্যে সংঘাত ঠেকাতে তেহরানে সৌদি-পাকিস্তান-তুরস্কের বৈঠক

মধ্যপ্রাচ্যে সংঘাত ঠেকাতে তেহরানে সৌদি-পাকিস্তান-তুরস্কের বৈঠক

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠকে বসেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা। আঞ্চলিক উত্তেজনা প্রশমন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি রোধে আলোচনার পথ উন্মুক্ত রাখা জরুরি। একই সঙ্গে সংকটের অবসান ঘটিয়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সমঝোতায় পৌঁছানোর ওপর গুরুত্ব দিচ্ছে রিয়াদ।

বৈঠকে অংশ নিচ্ছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। তাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি।

গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে জোটের সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের সৌদি আরবে হামলা জোরদারের প্রেক্ষাপটে তেহরানের এ বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিন দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে ইরানের এই আলোচনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে।

তবে বৈঠকে কী ধরনের সমঝোতা হতে পারে কিংবা আলোচনার পর কোনো যৌথ সিদ্ধান্ত আসবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

সূত্র: আল-জাজিরা