ছবি: সংগৃহীত
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের দেশের বিভিন্ন সরকারি কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে। তাঁদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সহযোগী অধ্যাপক (পদার্থবিদ্যা) ড. মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, সহযোগী অধ্যাপক (গণিত) মোহাম্মদ হুমায়ুন কবীরকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে এবং সহযোগী অধ্যাপক (শিক্ষা) মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া সহযোগী অধ্যাপক (ইসলামিক আদর্শ) ড. মো. আবু হানিফকে রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এবং অধ্যাপক (ইতিহাস) রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে পদায়ন করা হয়েছে।
সহকারী অধ্যাপক (প্রাণিবিদ্যা) মো. মনির হোসেন মজুমদার ও সহযোগী অধ্যাপক (ইংরেজি) আফসানা আইয়ূবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ/সমাজকর্ম) মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে এবং সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলেও ২৯ অক্টোবর অপরাহ্ণে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
এ ছাড়া কর্মকর্তাদের নিজ নিজ পারসোনাল ডাটা শিটে (পিডিএস) লগইন করে অবমুক্তি ও যোগদান-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।























