ঢাকা,  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৩, মামলা ৩৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৩, মামলা ৩৮

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার অভিযানে ৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির দেওয়া তথ্যের বরাতে এ খবর জানা গেছে। গত সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সংখ্যায় শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ। এ বিভাগে ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৪, তেজগাঁওয়ে ৭৪, গুলশানে ৬২, মতিঝিলে ৪৮, লালবাগে ৪২, উত্তরা বিভাগে ৩৭ এবং রমনা বিভাগে ৩৩ জন গ্রেপ্তার হয়েছেন। পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করেছে আরও তিনজনকে।

অভিযানে ১ হাজার ১২১টি ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স ও একটি অ্যান্টি-কাটার জব্দ করা হয়।

পুলিশ আরও একটি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন ও ১৩টি সিমকার্ড জব্দ করেছে। একই অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি। উদ্ধার হওয়া ভুক্তভোগীর পরিচয় ও উদ্ধারের স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।