ঢাকা,  রোববার, ২৫ অক্টোবর ২০২৬,

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে সরকারের ভূমিকা এবং পরবর্তী ঘটনাবলির জবাবদিহি নিশ্চিত করার দাবিতে শনিবার (২৪ অক্টোবর) তেল আবিবসহ দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে জাগোনিউজ২৪ জানায়, তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে আয়োজিত বিক্ষোভে বিরোধী দলের নেতারাও অংশ নেন। আগামী মঙ্গলবার দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিক্ষোভের আয়োজন করে অক্টোবর কাউন্সিল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর গাজায় আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা সংগঠনটি গড়ে তোলেন। হামলা ঠেকাতে সরকারের ব্যর্থতার তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে সংগঠনটি।

বিক্ষোভে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট ও ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান অংশ নেন। বিক্ষোভকারীদের একাংশ আইজেনকটকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে স্বাগত জানান।

নির্বাচনের আগে প্রকাশিত জনমত জরিপে নেতানিয়াহুর ডানপন্থি জোট ও আইজেনকটের জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। তবে কোনো জোটই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তদন্ত কমিশন নিয়ে বিরোধ

অক্টোবর কাউন্সিলের দাবির বিপরীতে নেতানিয়াহুর সরকার একটি রাজনৈতিক কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, কমিশনের অর্ধেক সদস্য নিয়োগ করবে সরকার এবং বাকিদের নিয়োগ দেবে বিরোধী আইনপ্রণেতারা।

তবে বিরোধী নেতারা জানিয়েছেন, রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া এমন কমিশনে তাঁরা অংশ নেবেন না। তাঁদের মতে, ৭ অক্টোবরের হামলার আগে ও পরে সরকারের ভূমিকা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত প্রয়োজন।

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাসহ পররাষ্ট্রনীতির বিভিন্ন বিষয়ে ইসরায়েলের প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থানে মিল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।