ছবি: সংগৃহীত
হেবরনের কাছে গোলাগুলির ঘটনার পর অধিকৃত পশ্চিম তীরজুড়ে অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। একই সঙ্গে হেবরন শহর অবরুদ্ধ করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (২৩ অক্টোবর) এ নির্দেশ দেওয়া হয় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, পশ্চিম তীরের হেবরন শহরের কাছে তেলেম ইহুদি বসতির পাশে রিজার্ভ সেনাদের একটি ব্যাটালিয়নে হামলার ঘটনায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। ওই ঘটনায় অন্তত পাঁচ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ঘটনাটিকে কেন্দ্র করে অধিকৃত পশ্চিম তীরে বড় পরিসরে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। তাঁর নির্দেশের পর হেবরন অবরুদ্ধ করার পাশাপাশি পুরো পশ্চিম তীরে চলাচলে বিধিনিষেধ আরোপের প্রস্তুতি চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েলি নম্বরপ্লেটযুক্ত একটি গাড়িতে করে দুই ফিলিস্তিনি সেনাদের একটি চেকপোস্টের কাছে যান। সেখানে গুলি চালানোর পর সংঘর্ষ শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে গোলাগুলি চলে বলে ওই সূত্রের দাবি।
পরে ইসরায়েলি সেনারা হেবরন অঞ্চল অবরুদ্ধ করেন। এ ঘটনায় দুই ফিলিস্তিনিকে আটক করার খবরও পাওয়া গেছে। তবে নিহত ও আটক ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য রয়েছে।
এদিকে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বিলুপ্ত করা এবং তাদের সামরিক সক্ষমতা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর অবকাঠামো ধ্বংসের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার হেবরন সফরে গিয়ে নেতানিয়াহু বলেন, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে শরণার্থীশিবিরগুলোতে পরিচালিত অভিযানের মতো পদক্ষেপ নেওয়া হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, হামলাকারীরা যেসব এলাকা থেকে এসেছেন, সেখানে সেনারা প্রবেশ করবেন, বাসিন্দাদের সরিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালাবেন এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর অবকাঠামো ধ্বংস করবেন।
পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতিও রয়েছে বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।
এদিকে, এ ঘটনার পর ফিলিস্তিনিদের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের আশঙ্কা তৈরি হয়েছে। শান্তি আন্দোলনকারী সংগঠন পিস নাউয়ের সাবেক পরিচালক ইয়ারিভ ওপেনহাইমার বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পরিস্থিতি প্রতিদিনই আরও কঠিন হচ্ছে।
ইসরায়েলি সেনাদের অভিযান ও ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার মধ্যে নতুন করে অবরোধ আরোপ করা হলে ফিলিস্তিনিদের চলাচল আরও সীমিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বাড়িঘর ভাঙা, কারফিউ জারি ও গ্রেপ্তারের ঘটনাও বাড়তে পারে বলে মন্তব্য করেছেন ওপেনহাইমার।
সূত্র: আল-জাজিরা


















