ঢাকা,  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,

‘বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করব’

ভোট চুরি ঠেকাতে কেন্দ্র পাহারা ও ফলাফল নিশ্চিত করার আহ্বান শফিকুর রহমানের

রাজনীতি

গণবাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩২, ২৩ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৪৫, ২৩ অক্টোবর ২০২৬

‘বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করব’

ছবি: সংগৃহীত

নির্বাচন ও ভোট নিয়ে কোনো ধরনের অনিয়ম বা বাড়াবাড়ি করা হলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে আর কাউকে ভোট চুরির সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

নির্বাচন কমিশনের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘এবার আমাদের স্পষ্ট ঘোষণা, বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব। কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। আর কোনো চোরকে ভোট চুরি করতে দেওয়া যাবে না।’

জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই উল্লেখ করে জামায়াত আমির বলেন, এ দেশ ও দেশের মানুষ কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়নি। জনগণই নির্ধারণ করবে, কারা দেশ পরিচালনা করবে এবং সমাজের নেতৃত্ব দেবে।

সম্মেলনে দলের রুকনদের উদ্দেশে তিনি বলেন, জনগণের মধ্যে জামায়াতের প্রতি আস্থা বাড়ছে। এ অবস্থায় প্রতিটি এলাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে হবে। আসন্ন নির্বাচনে ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং ভোট গণনা শেষে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে কি না, তা নিশ্চিত করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, মেয়র কিংবা কাউন্সিলর, কোনো পদেই দুর্বল প্রার্থী দেওয়া যাবে না। কোনো আসন ফাঁকা রাখা যাবে না। সব জায়গায় যোগ্য প্রার্থী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে হবে।

সমাজে অবিচার ও অনিয়ম হলে জামায়াত ঘরে বসে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। নিয়মতান্ত্রিকভাবে রাজপথে প্রতিবাদ জানানো হবে এবং মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান জামায়াত আমির।