ঢাকা,  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,

ইশরাকের অভিযানের সেই স্পটে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

ইশরাকের অভিযানের সেই স্পটে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

ছবি: সংগৃহীত

রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং সংলগ্ন ঘুন্টিঘর এলাকার আলোচিত মাদক স্পটে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, দয়াগঞ্জ ঘুন্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামসুল হক, মো. ইকবাল হোসেন জিহাদ, আরাফাত হোসেন শামীম, মো. আব্দুল্লাহ রাহুল, মোহাম্মদ হোসেন, সাইমুর, ইমন, অভি, মো. রাফিন, জুনায়েদ হোসেন, মো. সাইদ হোসেন, আনোয়ার হোসেন, মো. ইমরান আরাফাত, মো. মারুফ হোসেন, সাহিদুর, মো. উজ্জল, মো. রবিন, মো. মাসুদ, মো. দুলু, ফরিদ বেপারী, মো. জনি, কবির, ইউসুফ, মো. আল রাব্বি, মো. শুভ, মো. শাওন, মো. সেন্টু মিয়া এবং এক শিশু।

পুলিশের ভাষ্য, গত কয়েক দিনে একাধিক অভিযান চালানোর পরও ওই এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলছিল। এ পরিস্থিতিতে শুক্রবার সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৮ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত শনিবার এই মাদক স্পটেই আগ্নেয়াস্ত্র হাতে অভিযান চালিয়ে বিতর্কের মুখে পড়েন তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান গত রোববার ইশরাক হোসেনকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। পরে সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক।

এরপর ওই এলাকায় আরও দুই দফা মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও ১৮ জনকে গ্রেপ্তার করেন। সর্বশেষ শুক্রবারের অভিযানে ২৮ জন গ্রেপ্তারের মধ্য দিয়ে এলাকাটিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।