ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চুক্তি না হলে রোববারই দেশটিতে হামলার সিদ্ধান্ত নিতে পারে যুক্তরাষ্ট্র। এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট করেননি তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রোববারই ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হামলার পরিকল্পনা আগেভাগে জানানো হবে কি না, এ প্রশ্নেরও সরাসরি জবাব দেননি তিনি।
ট্রাম্পের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আগ্রহী। দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারলে নতুন করে সামরিক হামলা এড়ানোর সুযোগ রয়েছে।
আলোচনার সম্ভাবনার কথা বললেও সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে তেহরানের ওপর চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকানোকে নিজের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।
ট্রাম্প বলেন, বি-২ বোমারু বিমান ব্যবহার করেও ওই লক্ষ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই এবার বিষয়টির স্থায়ী সমাধান চান তিনি।
এদিকে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে বেশি তেল পরিবহন হচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে এ দাবির পক্ষে কোনো পরিসংখ্যান দেননি তিনি।
ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি মার্কিন প্রেসিডেন্ট। সংঘাতের অবসানে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, আবার দুই দেশের মধ্যে চুক্তিও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে যেকোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র জয়ী হবে বলে দাবি করেন ট্রাম্প।
সূত্র: আনাদোলু এজেন্সি























