ঢাকা,  রোববার, ২৫ অক্টোবর ২০২৬,

জাইমা রহমানের জন্মদিন আজ

জাইমা রহমানের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ রোববার (২৫ অক্টোবর)। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি।

জাইমা রহমানের শিক্ষাজীবন শুরু ঢাকায়। রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় পড়াশোনা করেন তিনি। ২০০৮ সালে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যাওয়ার পর লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণ করেন। যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে দেশটির ঐতিহ্যবাহী আইনি প্রতিষ্ঠান দ্য অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। এর মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে পেশাগত যোগ্যতা অর্জন করেন তিনি।

আইন বিষয়ে পড়াশোনা শেষে যুক্তরাজ্য ও বাংলাদেশে বিভিন্ন আইনি কাজে অভিজ্ঞতা অর্জন করেন জাইমা। বাংলাদেশের আইনজীবী প্রতিষ্ঠান সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে কাজ করার সময় সাংবিধানিক, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং করসংক্রান্ত বিষয়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। যুক্তরাজ্যে আবাসন, কল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক আইন নিয়েও কাজ করেছেন তিনি।

২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষার প্রথম ধাপে উত্তীর্ণ হন জাইমা রহমান। তবে এই ধাপের সাফল্য পূর্ণাঙ্গ আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সমতুল্য নয়।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তাঁর পেশাগত জীবনে নতুন অধ্যায় যুক্ত হয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে তাঁর এই নিয়োগের খবর প্রকাশিত হয়। সেখানে আইনবিষয়ক বিভিন্ন কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করছেন তিনি।

জাইমা রহমানের দাদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর মাতামহ প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানও দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।

জন্মদিনে শুভানুধ্যায়ীরা তাঁর পেশাগত জীবনের সাফল্য ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন।