ঢাকা,  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,

সাইবার ঝুঁকিতে ১০ প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ২৪ অক্টোবর ২০২৬

সাইবার ঝুঁকিতে ১০ প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ

ছবি: এআই

পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কতার পর বাংলাদেশ ব্যাংকসহ ছয় ব্যাংক ও একাধিক সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। সম্ভাব্য সাইবার হামলা ঠেকানো এবং প্রযুক্তিগত অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটগুলো বন্ধ রাখা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ওয়েবসাইটগুলো বন্ধ পাওয়া যায়।

বন্ধ থাকা ছয় ব্যাংক হলো অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, বিজি প্রেস, ব্যানবেইস, পেট্রোবাংলা ও ভূমিসেবার ওয়েবসাইটও বন্ধ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলা ও প্রযুক্তিগত অবকাঠামোর নিরাপত্তা যাচাইয়ের জন্য ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন হলে ওয়েবসাইটগুলো পুনরায় চালু করা হবে।

এদিকে, পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে গত ২২ অক্টোবর জরুরি সতর্কবার্তা জারি করে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সার্ভারে পিএইচপি ব্যবহার করা হচ্ছে কি না এবং ব্যবহৃত সংস্করণ ঝুঁকিপূর্ণ কি না, তা যাচাই করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ভূমি মন্ত্রণালয়ও ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালাচ্ছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৩৬ ঘণ্টা এ কার্যক্রম চলার কথা ছিল। এ সময় land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ভূমিসেবা পাওয়া সম্ভব হয়নি।

ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সার্ভার ও সংশ্লিষ্ট সফটওয়্যার ঝুঁকিতে পড়তে পারে। এ কারণে সম্ভাব্য ক্ষতি এড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।