ঢাকা,  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,

মাদ্রাসায় হামলার অভিযোগে রুমির বিরুদ্ধে মামলা

সারাবাংলা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৬, ২৪ অক্টোবর ২০২৬

মাদ্রাসায় হামলার অভিযোগে রুমির বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে মারধরের ঘটনায় শাহজালাল রুমিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। হামলা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে এ মামলা করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন।

পুলিশ জানায়, একই ঘটনায় এর আগে ওই ছাত্রীর বাবা খণ্ডকালীন শিক্ষক মো. মোসলেম উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযোগের ভিত্তিতে শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার দিন শাহজালাল রুমিসহ ১০ থেকে ১৫ জন মাদ্রাসায় প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালান। এ সময় শিক্ষক মোসলেম উদ্দিনকে মারধর করা হয়। বাধা দিতে গেলে অন্য শিক্ষক-শিক্ষিকা ও নিরাপত্তাকর্মীরাও হামলার শিকার হন। এ ছাড়া জমি কেনার জন্য রাখা ১৭ লাখ টাকা লুটের অভিযোগও করা হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী দাবি করেন, ঘটনাটিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তার ভাষ্য, হামলার ভিডিও মাদ্রাসার সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে।

অন্যদিকে, ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়া, শিক্ষককে মারধর ও প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি উঠেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, দুটি মামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।