ছবি: সংগৃহীত
গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও চারটি ইউনিট পাঠানো হয়।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।




















