ছবি: সংগৃহীত
মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মাদরাসার মতো পবিত্র স্থানে এ ধরনের গর্হিত ঘটনা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি আয়োজিত এ অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় ৩০০ ইমাম ও খতিব অংশ নেন।
ধর্মমন্ত্রী বলেন, মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনার মতো বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর ব্যবস্থা নেবে। পাশাপাশি মাদরাসার মতো পবিত্র স্থানে যেন এ ধরনের গর্হিত কাজ না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
‘ইমামরা আমাদের ভাই, আমরা তাদের কামলা’
ইমামদের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রসঙ্গ তুলে ধর্মমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের আমলে হ্যাঁ-না ভোটের সময় দেশের ইমাম, ওলামা ও পীর-মাশায়েখরা তাঁর পক্ষে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাঁদের সঙ্গে সম্পর্ককে স্থায়ী বন্ধুত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ বন্ধুত্ব রক্ষায় সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে।
ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, “আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের কামলা। যে কোনো কাজে হুকুম করবেন, আমরা তা পালন করার চেষ্টা করব।”
ইমামদের ভাতা দেওয়া শুরু হয়েছে
ইমামদের ভাতা প্রসঙ্গে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, নির্বাচনে অংশ নেওয়ার আগেই তারেক রহমান ইমামদের ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে চিন্তা করেছেন। ইমামদের সম্মান দেওয়ার গুরুত্ব তিনি উপলব্ধি করেছেন বলেও মন্তব্য করেন ধর্মমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, এরই মধ্যে ইমামরা ভাতা পাওয়া শুরু করেছেন।
সমাজে ইমামদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের পাশে থেকে ইমামরা দ্বীন ও সমাজের খেদমত করেন। মানুষ তাঁদের সম্মান করেন এবং পারিবারিক অসুস্থতা কিংবা বিপদ-আপদে তাঁদের কাছে দোয়া চাইতে যান। শুক্রবারের বয়ানও সাধারণ মানুষ মনোযোগ দিয়ে শোনেন।
ধর্মমন্ত্রী আরও বলেন, ইমাম, আলেম ও ওলামায়ে কেরাম ইসলামের ধারক-বাহক। তাঁদের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে তিনি নিজেও প্রস্তুত। ইমামরা তাঁদের বক্তব্যের মাধ্যমে সমাজকে সুন্দর ও সঠিক পথে পরিচালিত করতে পারেন।
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকার আহ্বান
ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্ব দিয়ে ধর্মমন্ত্রী বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে ইমামদের সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা উদ্বোধনী বক্তব্য দেন। এ সময় জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন উপস্থিত ছিলেন।




















