ফাইল ছবি
আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এত কিছু করার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত ওই সমাবেশে ট্রাম্প আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধে নিজের ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর দাবি, দুই পারমাণবিক শক্তিধর দেশকে বাণিজ্য বন্ধের হুমকি এবং ২৫০ শতাংশ শুল্ক আরোপের ভয় দেখিয়ে গোলাগুলি বন্ধ করতে বাধ্য করেছিলেন তিনি।
ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়ার সময় তিনি দুই দেশকে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে চাইলে সংঘাত বন্ধ করতে হবে। অন্যথায় দুই দেশের ওপরই ব্যাপক শুল্ক আরোপ করা হবে।
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, তাঁর হুমকিতে দুই দেশ ক্ষুব্ধ হলেও শেষ পর্যন্ত গোলাগুলি বন্ধ করে। এ প্রসঙ্গে তিনি সংঘাতে ১১টি বিমান ভূপাতিত হওয়ার কথাও উল্লেখ করেন। তবে কোন পক্ষের কতটি বিমান ভূপাতিত হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
নিজের কূটনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি একাধিক যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং এ কাজে জাতিসংঘের সহায়তা নিতে হয়নি। তাঁর দাবি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় বিশ্বে এতগুলো সংঘাত চলছিল, তা তিনি ধারণাও করতে পারেননি।
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছি। আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না।’
ভারত-পাকিস্তান সংঘাত বন্ধে নিজের ভূমিকার বিষয়ে ট্রাম্পের এমন দাবি অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন বক্তব্যে তিনি দাবি করেছেন, বাণিজ্যিক চাপ প্রয়োগ করে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত থামাতে ভূমিকা রেখেছিলেন।
তবে ভারতের পক্ষ থেকে অতীতে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ার দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। নয়াদিল্লির বক্তব্য অনুযায়ী, সামরিক অভিযান বন্ধের বিষয়ে দুই দেশের মধ্যে সরাসরি সমঝোতা হয়েছিল।
ট্রাম্পের বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, নিজের প্রশাসনের কূটনৈতিক উদ্যোগকে তিনি আন্তর্জাতিক সংঘাত নিরসনের সাফল্য হিসেবে তুলে ধরছেন। একই সঙ্গে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টিও তাঁর বক্তব্যে গুরুত্ব পেয়েছে।























