ঢাকা,  রোববার, ২৫ অক্টোবর ২০২৬,

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

শিক্ষা ও ক্যাম্পাস

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ২৪ অক্টোবর ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবের ভিত্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।

চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।

গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডে পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ আগস্টের মধ্যে শেষ হয়।