ছবি: সংগৃহীত
আগের সরকারের সময়ে পাড়া-মহল্লায় মাদক ব্যবসা ছড়িয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও কিশোর গ্যাং দমনে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) বাগেরহাটে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, মাদক ব্যবসা ও অপরাধ দমনে পুলিশ কাজ করতে চায়। কে আসবে, কে যাবে, তা নিয়ে পুলিশের মাথাব্যথা নেই। দেশের স্বার্থে কাজ করাই তাদের লক্ষ্য।
সমাবেশে আইজিপি আরও জানান, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৭ জন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের ভেতরেও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি তাঁর বক্তব্যে উঠে আসে।
অপরাধ দমনে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব
সমাবেশে মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আইজিপি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সামাজিক সচেতনতা এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এতে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
সমাবেশে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।























