ঢাকা,  রোববার, ২৫ অক্টোবর ২০২৬,

শিউলি সাজে পরীমণি, জানালেন নতুন সিনেমার খবর

শিউলি সাজে পরীমণি, জানালেন নতুন সিনেমার খবর

ছবি: সংগৃহীত

শরতের শিউলি ফুলের শুভ্রতায় ব্যতিক্রমী আয়োজনে জন্মদিন উদযাপন করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। ‘শিউলি সন্ধ্যা’ নামের এই আয়োজনে শিউলি ফুলের নকশার পোশাকে হাজির হওয়ার পাশাপাশি নিজের নতুন সিনেমা ‘ফারজান’-এর খবরও জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমণির জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর একটি অনুষ্ঠানে কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে সন্ধ্যার আয়োজন করেন তিনি। সাজসজ্জায় প্রাধান্য পায় শিউলি ফুল। অনুষ্ঠানস্থলের সিঁড়িও সাজানো হয় এই ফুল দিয়ে।

পরীমণি জানান, অক্টোবর মাস এলেই তাঁর মনে প্রথমে শিউলি ফুলের কথা আসে। সেই ভালো লাগা থেকেই জন্মদিনের আয়োজনের জন্য ফুলটিকে বেছে নেন তিনি। তবে শিউলি ফুল বেশিক্ষণ সতেজ থাকে না বলে পুরো অনুষ্ঠানস্থল ফুল দিয়ে সাজানোর পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে।

ফুল সংগ্রহের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, তাঁর আহ্বানে সাড়া দিয়ে এক ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন। তবে সব ফুল সাজসজ্জায় ব্যবহার করা সম্ভব হয়নি।

পুরো অনুষ্ঠানস্থলকে শিউলি ফুলের বাগানে রূপ দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। সেটি সম্ভব না হওয়ায় নিজের পোশাকেই শিউলির নকশা তুলে ধরেন বলে জানান পরীমণি।

নতুন সিনেমায় ‘ফারজানা’

জন্মদিনের আয়োজনেই নতুন সিনেমা ‘ফারজান’-এর কথা প্রকাশ করেন পরীমণি। ছবিটি পরিচালনা করছেন তারেক রহমান। সিনেমাটিতে দর্শক তাঁকে নতুনভাবে দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

পরীমণি জানান, সিনেমাটির লুক ছয় মাস আগেই চূড়ান্ত করা হয়েছিল। শুটিং শেষ হয়েছে, তবে কিছু কাজ এখনো বাকি। সেগুলো শেষ করে ছবিটি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

পরিচালক তারেক রহমানও ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর প্রত্যাশা, নতুন চরিত্রে পরীমণিকে দর্শকেরা ভিন্নভাবে আবিষ্কার করবেন।

জন্মদিনে কাছের মানুষদের সঙ্গ

একসময় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করতেন পরীমণি। তবে ২০২৩ সালে প্রিয় নানা শামসুল হক গাজীকে হারানোর পর তাঁর জন্মদিন উদযাপনে পরিবর্তন এসেছে। এখন কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোতেই বেশি গুরুত্ব দেন এই অভিনেত্রী।

এবারও জন্মদিনের প্রথম প্রহর দুই সন্তান পুণ্য ও প্রিয়মের সঙ্গে কাটিয়েছেন তিনি। ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় জীবনের নতুন বছর শুরু করেছেন পরীমণি।