ছবি: সংগৃহিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫ হাজার জনকে।
গত সোমবার (২৩ নভেম্বর) বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।
মামলায় নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাসসহ মোট ৮ জনের নাম রয়েছে।
এজাহারে বলা হয়, গত ১৭ নভেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি। টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে নিলফা বাজারে পৌঁছালে সড়কে গাছ ফেলে পথ রোধ করা হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাধা দিতে গিয়ে বিজিবির ৪ সদস্য গুরুতর আহত হন।
মামলায় আরও উল্লেখ করা হয়, হামলায় একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিন পুড়ে যায়। এছাড়া ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।













