ঢাকা,  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার হচ্ছে নিরাপত্তা

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ১৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার হচ্ছে নিরাপত্তা

ছবি: সংগৃহিত

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। এরই মধ্যে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি বাড়ানো, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার এবং সার্বক্ষণিক টহল বৃদ্ধি করতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচকের দায়িত্বশীল সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দর থানাকে বিমানবন্দরের আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক।

পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।

নতুন এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিমানবন্দর এলাকায় নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে।

সর্বশেষ

জনপ্রিয়