ঢাকা,  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,

পোশাকশ্রমিকের মজুরি ২৪ হাজার ২০৪ টাকা প্রস্তাব সিপিডির

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ১৮ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকের মজুরি ২৪ হাজার ২০৪ টাকা প্রস্তাব সিপিডির

ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মাসিক ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পরিবারের দারিদ্র্যসীমা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের বিষয় বিবেচনায় নিয়েই মজুরি নির্ধারণ করা প্রয়োজন।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব প্রস্তাব তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

তিনি জানান, মজুরি নির্ধারণে তিনটি পৃথক বিষয় বিবেচনা করা হয়েছে। এগুলো হলো মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়, দারিদ্র্যসীমার ওপরে পরিবারের জীবনযাপন এবং ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয়।

সিপিডির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির বর্তমান ক্রয়ক্ষমতা ধরে রাখতে ২০২৬ সালের অক্টোবরে প্রয়োজন ১৬ হাজার ৩৫১ টাকা। ২০২৩ সালের নভেম্বরের শহরাঞ্চলের ভোক্তা মূল্যসূচক ১১৮ দশমিক ৭৬ থেকে ২০২৬ সালের অক্টোবরে ১৫৫ দশমিক ৩৫-এ পৌঁছানোর ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। এ সময়ে মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮ শতাংশ।

দ্বিতীয় হিসাবে চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে প্রয়োজনীয় মজুরি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপের শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা এবং পরবর্তী মূল্যস্ফীতি বিবেচনায় সিপিডি হিসাব করেছে, একটি চার সদস্যের পরিবারের বর্তমান উচ্চ দারিদ্র্যসীমা ২৯ হাজার ৩৫৩ টাকা। পরিবারে গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।

তৃতীয় হিসাবে ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় বিবেচনা করা হয়েছে। এতে খাদ্য, পোশাক, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা, যোগাযোগ, বাসস্থান, জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

সিপিডির হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারের মাসিক খাদ্য ব্যয় ১৪ হাজার ১৫৪ টাকা, অন্যান্য প্রয়োজনীয় ব্যয় ১২ হাজার ২৬৭ টাকা, বাসাভাড়া ১০ হাজার টাকা এবং জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের জন্য ১ হাজার ৮২১ টাকা প্রয়োজন। সব মিলিয়ে পরিবারের মাসিক ব্যয় দাঁড়ায় ৩৮ হাজার ২৪৩ টাকা। ১ দশমিক ৫৮ জন উপার্জনকারীর হিসাবে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

নাজনীন আহমেদ বলেন, এসব হিসাবের জন্য সিপিডি নতুন কোনো জরিপ করেনি। বিদ্যমান গবেষণা, জরিপ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিবারের সদস্য চারজন এবং উপার্জনকারীর সংখ্যা ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে। মজুরি বোর্ড পরিবারের আকার বা উপার্জনকারীর সংখ্যা ভিন্নভাবে বিবেচনা করলে হিসাবের পরিমাণও পরিবর্তিত হতে পারে।

তিনি বলেন, তিনটি হিসাবের মধ্যে মূল্যস্ফীতি সমন্বয়ের ১৬ হাজার ৩৫১ টাকা একটি ভিত্তি। তবে সিপিডির মূল আলোচনার বিষয় হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে। দীর্ঘমেয়াদে শ্রমিকদের জীবনযাত্রার মান, পুষ্টি ও মর্যাদা নিশ্চিত করতে জীবনধারণযোগ্য মজুরি বা ‘লিভিং ওয়েজ’ প্রতিষ্ঠার দিকে যেতে হবে।

মজুরি বোর্ডের প্রতি আস্থার সংকট

মজুরি নির্ধারণ প্রক্রিয়া নিয়ে শ্রমিকদের মধ্যে আস্থার সংকট রয়েছে বলে মন্তব্য করেন নাজনীন আহমেদ। তিনি বলেন, মজুরি বোর্ড গঠন হলেও এর সিদ্ধান্ত যথাসময়ে কার্যকর হবে কি না, তা নিয়ে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা ছিল। এ কারণে একধরনের ‘ট্রাস্ট ডেফিসিট’ বা বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন গ্রেডে কীভাবে মজুরি নির্ধারণ করা হবে, সেই পদ্ধতি স্পষ্ট করা প্রয়োজন। শুধু মজুরি বোর্ড গঠন করে মালিক ও শ্রমিকপক্ষকে আলোচনায় বসিয়ে মাঝামাঝি একটি সিদ্ধান্ত দেওয়াই সরকারের দায়িত্ব নয়। মজুরি নির্ধারণে সরকারেরও সক্রিয় ভূমিকা থাকতে হবে।

স্থায়ী মজুরি কমিশন গঠনের সুপারিশ

মজুরি নির্ধারণে দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনেও সব খাতের জন্য জীবনধারণযোগ্য মজুরির ভিত্তিতে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রতিবছর মূল্যস্ফীতির সঙ্গে মজুরি সমন্বয়, শ্রমিক-মালিক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থায়ী জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন এবং মজুরি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় তহবিল গঠন এবং নারী শ্রমিকদের জন্য ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটির সুপারিশও শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে নাজনীন আহমেদ বলেন, শ্রমিক পরিবারের সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষা, কর্মক্ষেত্রে মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ, ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠা এবং ধাপে ধাপে মজুরি নির্ধারণের প্রতিশ্রুতি রয়েছে। এ ছাড়া সব খাতের মজুরি প্রতি দুই বছর পর পর পর্যালোচনা, প্রকৃত মজুরি পরিশোধ পর্যবেক্ষণ এবং নারী-পুরুষের সমকাজে সমমজুরি নিশ্চিত করার বিষয়ও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে মজুরি নির্ধারণের আলোচনা শুরুর অন্তত ছয় মাস আগে প্রয়োজনীয় সমীক্ষা, পর্যালোচনা ও গবেষণা সম্পন্ন করা উচিত। ২০০৬ সালের শ্রম আইনে মজুরি নির্ধারণের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনার কথা বলা হয়েছে, সেগুলোও গুরুত্ব দিতে হবে।

বিকল্প হিসেবে স্থায়ী মজুরি কমিশন গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, নির্দিষ্ট সূত্র বা পদ্ধতি অনুসরণ করে মজুরি নির্ধারণ করা হলে প্রতিবছর নতুন করে মজুরি নিয়ে অনিশ্চয়তা ও বিরোধ তৈরির প্রবণতা কমবে।

নাজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণ শুধু শ্রমিক ও মালিকের বিষয় নয়, এখানে সরকারেরও দায়িত্ব রয়েছে। শ্রমিকদের জন্য মানবিক, পুষ্টিকর ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে জীবনধারণযোগ্য মজুরি প্রতিষ্ঠাই হওয়া উচিত নীতিনির্ধারণের লক্ষ্য।

জনপ্রিয়