ছবি: সংগৃহীত
তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক, গুরুত্ব পেয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক।
তুরস্কে চলমান জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিন দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে সম্মেলনস্থলে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন নেতৃত্বকে আন্তর্জাতিক নেতারা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। নির্বাচনে জনম্যান্ডেট পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিভিন্ন দেশের নেতারা অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন তারা।
এর আগে বুধবার (১১ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনের প্রথম দিনেই উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।
এ ছাড়া পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। অন্যদিকে সিরিয়া বাংলাদেশের সঙ্গে পুনর্গঠন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ওআইসির মহাসচিবের সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য কপ-৩১ সম্মেলন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, অভিযোজন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা আদায়ে বাংলাদেশের প্রত্যাশা রয়েছে।
প্রধানমন্ত্রীর আজকের ভাষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার কীভাবে উঠে আসে, সেদিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।













