ঢাকা,  সোমবার, ০২ নভেম্বর ২০২৬,

শ্রমিক অস্থিরতা নিরসনে মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

শ্রমিক অস্থিরতা নিরসনে মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত

পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসনে তৈরি পোশাক কারখানার মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শ্রমিকদের আন্দোলন এবং কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ফিরিয়ে আনার বিষয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। এতে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা অংশ নিয়েছেন। বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত রয়েছেন।

শ্রমিকদের আন্দোলন ও পোশাক কারখানায় চলমান অস্থিরতা নিরসনে গত রোববার (১ নভেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এ বৈঠকের আয়োজন করা হয়। এর আগে শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে ঢাকার আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চল এবং রাজধানীর প্রবেশপথগুলোতে আন্দোলন চলছে।

বৈঠকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, শ্রমিকদের কাজে ফেরানো এবং পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি নতুন মজুরি বোর্ড কত দ্রুত সুপারিশ দেবে, সে বিষয়েও শ্রম মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হতে পারে।

এদিকে শ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ইন্ধন থাকার আশঙ্কার কথাও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে শ্রমিকদের মজুরির দাবি বিবেচনার পাশাপাশি চলমান সহিংসতা মোকাবিলার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাচ্ছে।

 

সর্বশেষ