ঢাকা,  রোববার, ০১ নভেম্বর ২০২৬,

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ৩১ অক্টোবর ২০২৬

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জনগণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। প্রয়োজনে গ্রামবাংলার প্রতিটি ঘর থেকে মানুষকে নিয়ে ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে শুরু হওয়া ১১ দলীয় জোটের লংমার্চের অংশ হিসেবে খুলনায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকারের সাড়ে ১৫ বছরের দুর্নীতি, অর্থ পাচার ও দলীয়করণের বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার করতে হবে। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

নির্বাচনব্যবস্থা নিয়ে সমালোচনা করে তিনি অভিযোগ করেন, প্রকৌশল বা কারসাজির মাধ্যমে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

নারী ও কৃষকদের জন্য বিতরণ করা কার্ডের সুবিধা প্রকৃত উপকারভোগীরা পাচ্ছেন না বলে অভিযোগ করেন জামায়াত আমির। তাঁর দাবি, কার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে সামান্য অর্থ দেওয়া হলেও গ্যাস ও বিদ্যুৎ বিলের নামে বেশি টাকা আদায় করা হচ্ছে।

কৃষকদের সার না পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঘুষের বিনিময়ে ডিলার নিয়োগের কারণে কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ডিলার নিয়োগে ২৫ থেকে ৩০ লাখ টাকা, এমনকি এক কোটি টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগও করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের চাঁদাবাজি, জনগণের অর্থ লুটপাট ও বিদেশে অর্থ পাচারের বিরুদ্ধে তাঁরা আন্দোলনে নেমেছেন। ১১ দলীয় জোটের এ আন্দোলন কেবল জোটের বিজয়ের জন্য নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার জন্য।

তিনি আরও বলেন, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকামুখী কর্মসূচি ঘোষণা করা হবে।

খুলনা মহানগর জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে পথসভায় ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন খুলনা মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল।