ঢাকা,  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,

অন্য বিমানে ফেরার সুযোগেও সফরসঙ্গীদের সঙ্গ ছাড়েননি প্রধানমন্ত্রী

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ৩০ অক্টোবর ২০২৬

অন্য বিমানে ফেরার সুযোগেও সফরসঙ্গীদের সঙ্গ ছাড়েননি প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাপান থেকে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে যাত্রায় কিছুটা বিলম্ব হলেও সফরসঙ্গীদের রেখে বিকল্প বিমানে দেশে ফেরেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং সবাইকে সঙ্গে নিয়েই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, জাপান থেকে ফেরার আগে বিমান পর্যবেক্ষণের সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে এটি বড় কোনো সমস্যা ছিল না। সফটওয়্যারের মাধ্যমে দ্রুত ত্রুটির সমাধান করা হয়।

আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী চাইলে অন্য বিমানে দেশে ফিরতে পারতেন। কিন্তু সফরসঙ্গীদের রেখে তিনি একা ফিরতে চাননি। এ সময় তিনি বিমানের অন্য যাত্রীদের কাছে গিয়ে কথা বলেন এবং তাঁদের আশ্বস্ত করেন।

বিশেষ করে শিশুদের যেন ভয় না লাগে, সে বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী। তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন।

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও যান তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেন। এ ছাড়া দেশটির বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

সূত্র: এনপিবি নিউজ