ছবি: সংগৃহীত
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্লেট পর্বের ম্যাচে সেশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে দুই দলের লড়াই ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।
বুধবার (২৮ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ সরদার জয়ের নায়ক হয়ে ওঠেন। টাইব্রেকারে প্রতিপক্ষের দুটি শট ঠেকিয়ে দেন তিনি।
প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। বিরতির পর দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। থ্রো-ইন থেকে রাতুলের নেওয়া শট জালে জড়ালে লিড পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নিজেদের ডি-বক্সে তৈরি হওয়া জটলা থেকে গোল করে সমতায় ফেরে সেশেলস। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
স্নায়ুচাপের লড়াইয়ে বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক শ্রীনাথ। সেশেলসের দ্বিতীয় ও চতুর্থ শট ঠেকিয়ে দেন তিনি। অন্যদিকে নিজেদের শটগুলো কাজে লাগিয়ে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ খেলে একটি জয়, দুটি ড্র ও দুটি পরাজয় নিয়ে পরবর্তী ধাপে উঠেছিল বাংলাদেশ। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করে দলটি। পরে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে এবং ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে। বুরুন্ডির কাছে ২-০ গোলে পরাজিত হলেও শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় ফাহিম হাসানের দল।
সেশেলসের বিপক্ষে এই জয়ে পরের পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। শেষ ষোলোর লড়াইয়ে জয় ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
সূত্র: দেশ রূপান্তর




















