ঢাকা,  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,

জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

ছবি: সংগৃহীত

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত উৎপাদনশিল্পের পাশাপাশি সার উৎপাদন খাতেও জাপানের সহযোগিতা চেয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) জাপান সফরে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি এবং মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

সার কারখানা আধুনিকায়নে সহযোগিতা চায় বাংলাদেশ

সাক্ষাৎকালে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) আধুনিকায়ন এবং দেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে জাপানের সহযোগিতা চান তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশেষ করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পে জাপানি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে নিয়ন্ত্রক ব্যবস্থার সংস্কার, বিনিয়োগের অনুমোদনপ্রক্রিয়া সহজ করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাণিজ্য সম্প্রসারণে ইপিএ বাস্তবায়নের গুরুত্ব

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে মারুবেনি করপোরেশনের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

জবাবে মাসুমি কাকিনোকি দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে ১১ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোতোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। ওই বৈঠকেও তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা এবং জাপানি বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।