ছবি: সংগৃহীত
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) সরকারি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নাম অবিলম্বে কার্যকর হবে।
এখন থেকে সরকারি নথিপত্র, দাপ্তরিক চিঠিপত্র, প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট কার্যক্রমে মন্ত্রণালয়ের বাংলা নাম হিসেবে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ ব্যবহার করা হবে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।
এনপিবি নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিদ্ধান্তটি আনুষ্ঠানিক রূপ পায়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব রওশন আরা বেগম প্রজ্ঞাপনটি জারি করেন।
নাম পরিবর্তনের ফলে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাংলা দাপ্তরিক যোগাযোগে নতুন নাম ব্যবহারের প্রয়োজন হবে। তবে ইংরেজি নাম অপরিবর্তিত থাকায় ইংরেজি ভাষায় মন্ত্রণালয়ের পরিচিতিতে পরিবর্তন আসছে না।
নারী ও শিশুদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে মন্ত্রণালয়টি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।























