ঢাকা,  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,

নভেম্বরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

নভেম্বরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

ফাইল ছবি

নভেম্বরের প্রথম সপ্তাহে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজার ছুটি মিলিয়ে এ বিরতি তৈরি হচ্ছে।

২০২৬ সালের সরকারি ছুটির তথ্য এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা।

এ হিসাবে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা রয়েছে।

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ছুটি কার্যকর হওয়ার কথা। একই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি থাকার কথা রয়েছে।

তবে প্রতিষ্ঠানের ধরন ও নিজস্ব ছুটির তালিকা অনুযায়ী ছুটির বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন। বিশেষ করে মাদরাসার ক্ষেত্রে আলাদা ছুটির তালিকা প্রযোজ্য হতে পারে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ না থাকায় মাদরাসার শিক্ষার্থীরা একই সময়ে টানা তিন দিনের ছুটি পাবে কি না, তা নিশ্চিত নয়।

তাই শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।