ছবি: সংগৃহীত
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০ জন। তাঁদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এনপিবি নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়াগামী ছিল। একই লাইনে চলার সময় একটি ট্রেন পেছন থেকে অন্য ট্রেনকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো জানান, সংঘর্ষের তীব্রতায় কয়েকজন যাত্রী ট্রেনের ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান। প্রথমে তাঁরা ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে মনে করেছিলেন। পরে বাইরে বেরিয়ে ট্রেনের একটি অংশ কাত হয়ে থাকতে এবং বহু মানুষকে আহত অবস্থায় দেখতে পান।
আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহতদের কয়েকজনকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
স্পেনে এর আগে ২০১৩ সালে ভয়াবহ রেল দুর্ঘটনায় ৮০ জন নিহত হয়েছিলেন। সে সময় একটি ট্রেন বাঁকে গিয়ে লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
সাম্প্রতিক এ দুর্ঘটনায় বিপুল প্রাণহানির ঘটনায় দেশটির রেল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।
সূত্র: বিবিসি




















