ঢাকা,  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,

মিরপুরে উচ্ছেদ, ফুটপাতের ২ হাজার দোকান সরাল ডিএনসিসি

মিরপুরে উচ্ছেদ, ফুটপাতের ২ হাজার দোকান সরাল ডিএনসিসি

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ গোলচত্বর এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দুই হাজার দোকান সরিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

অভিযান শেষে প্রশাসক বলেন, নগরবাসীকে ফুটপাত দখলমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে এবং সড়ক দিয়ে যানবাহন চলবে, এটাই স্বাভাবিক ব্যবস্থা। কিন্তু ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট বসানোর কারণে জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘ ১৮ থেকে ২২ বছর ধরে এসব দোকান সেখানে ব্যবসা করে আসছে বলে তিনি জানতে পেরেছেন। মানুষের চলাচলের জায়গা বন্ধ করে কোথাও কোথাও মার্কেট নির্মাণের ঘটনাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ডিএনসিসির প্রশাসক জানান, অবৈধভাবে ফুটপাত দখল করে কোনো দোকান বসতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সিটি করপোরেশন কাজ করছে। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছিল ডিএনসিসি। এবার মিরপুর-১ এলাকায় অভিযান পরিচালনা করা হলো। বুধবার বিকেলেও ওই এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়।