ঢাকা,  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,

জামায়াতের ড. শফিকুল ইসলাম মাসুদ

জুলাই অভ্যুত্থানে হাসিনার মত বায়তুল মোকাররমের খতিবও পালিয়েছে

জুলাই অভ্যুত্থানে হাসিনার মত বায়তুল মোকাররমের খতিবও পালিয়েছে

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের তৎকালীন খতিব ও ইমামও দেশ ছেড়ে পালিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের সমাবেশে লগি-বৈঠা নিয়ে হামলা চালানো হয়েছিল। তাঁর দাবি, ওই ঘটনায় সারা দেশে ৫৪ জন এবং রাজধানীতে ১৪ জন নেতাকর্মী নিহত হন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। তাঁর অভিযোগ, অতীতে যারা জামায়াতকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছিল, তারাই শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে পালিয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, একটি রাজনৈতিক পক্ষ অল্প সময়ের মধ্যেই আওয়ামী লীগের মতো আচরণ করার চেষ্টা করছে। জামায়াতের কর্মসূচিতে হামলা বা বাধা দেওয়ার চেষ্টা হলে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে শফিকুল ইসলাম মাসুদ ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি এবং বিগত সাড়ে ১৫ বছরে সংঘটিত রাজনৈতিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।