ঢাকা,  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ স্বজনদের

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহিত

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের ভাষ্য, দুপুরে মোরশেদ ও মজিদ নামে দুজন খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে জানতে পারেন, ওয়ালিদ নামে এক ব্যক্তি তাঁকে গুলি করেছেন। মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তাঁরা।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা জহুরুল ইসলাম রনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদকে হাসপাতালে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, নিহত খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা ছিল। এদিকে স্বজনেরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।