ছবি: সংগৃহিত
হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন ১১ ছিনিয়ে নেওয়ার লোভে তারেক মিয়া (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বন্ধু সাহেলের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর একটি ডোবা থেকে তারেকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। অভিযুক্ত সাহেল একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাজমিস্ত্রির কাজ করতে তারেক ও সাহেল লাখাইয়ের ফুলবাড়িয়া গ্রামে সুরের রহমানের বাড়িতে যান। সেখানে কাজ করার সময় তারেকের ব্যবহৃত আইফোন ১১-এর প্রতি সাহেলের লোভ জন্মায় বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ২২ অক্টোবর রাতে কৌশলে তারেককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে পাশের একটি ডোবায় ফেলে রাখা হয় বলে অভিযোগ।
তারেক বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় সাহেলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সাহেল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
সূত্র: এনপিবি নিউজ




















