ঢাকা,  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াতের

রাজনীতি

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াতের

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দাবি, এসব অভিযোগ নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হলেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। ঠাকুরগাঁও-১ আসনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের দেলাওয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনী পরিস্থিতি নিয়ে বিএনপির পক্ষ থেকে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার যে বক্তব্য দেওয়া হয়েছে, তা মাঠপর্যায়ের বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি জানান, জামায়াতের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সদস্যদের কাছে ৯ দফা লিখিত অভিযোগ ও তিনটি দাবি জানিয়েছিল। পরে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকেও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। কিন্তু কমিশনের আশ্বাসের পরও কার্যকর ব্যবস্থা দেখা যায়নি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে। একজন নারী ভোটার কেন্দ্রে গিয়ে জানতে পারেন, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে।

এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি দেখানো, বিশেষ করে চাকরিজীবীদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ তোলেন গোলাম পরওয়ার। তার দাবি, কিছু কেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পরিচয়পত্র বা ব্যাজ ছিল না। কোথাও কোথাও পোলিং এজেন্টদের ভয় দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

একটি মুড়ি বইয়ে আগেই ২২টি সিল ও স্বাক্ষর করা অবস্থায় পাওয়া গেছে বলেও অভিযোগ করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, একটি উপনির্বাচনে অনিয়মের অভিযোগের কার্যকর নিষ্পত্তি না হলে ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচনগুলোর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে।

সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।