ঢাকা,  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,

যান্ত্রিক ত্রুটি মেরামতের পর দেশের পথে প্রধানমন্ত্রী 

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ২২:৩৮, ২৯ অক্টোবর ২০২৬

যান্ত্রিক ত্রুটি মেরামতের পর দেশের পথে প্রধানমন্ত্রী 

ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭ জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে) ফ্লাইটটি উড্ডয়ন করে।

বিমান বিভ্রাটের ৪ ঘণ্টা পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

এর আগে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়। উড়োজাহাজের স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত পাওয়ার পর উড্ডয়ন স্থগিত করেন পাইলট। পরে বিমানটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নিয়ে কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা।

ত্রুটি মেরামতে দীর্ঘ সময় লাগায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে যান। অন্য যাত্রীদেরও অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার কথা জানান। এ জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেন তিনি।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এর সাথে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জাপান সফরকালে প্রধানমন্ত্রী দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।