ঢাকা,  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ২৯ অক্টোবর ২০২৬

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

সরকারি বাসা বরাদ্দ নিয়ে সেখানে অন্যকে ভাড়া বা সাবলেট হিসেবে রাখার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। বরাদ্দ পাওয়া বাসার পুরো ফ্ল্যাট কিংবা এক বা একাধিক কক্ষ অন্যকে ভাড়া দিয়েছেন—এমন সরকারি কর্মচারীদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজে বরাদ্দকৃত বাসায় বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদপ্তরের আওতাধীন সরকারি বাসা বা ফ্ল্যাটের কিছু বরাদ্দপ্রাপক তাঁদের বরাদ্দ করা বাসার এক বা একাধিক কক্ষ কিংবা পুরো ফ্ল্যাট অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর পরিপন্থি।

এ অবস্থায় সরকারি বাসার কোনো অংশ বা সম্পূর্ণ বাসা অন্যের কাছে ভাড়া না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে যাঁরা বাসা ভাড়া বা সাবলেট দিয়েছেন, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে বরাদ্দকৃত বাসায় নিজে বসবাস করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩১ অক্টোবরের পর সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে। পাশাপাশি বিধি অনুযায়ী শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর ১৪(৩) বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।

সরকারি আবাসন পরিদপ্তরের এ নির্দেশনার ফলে বরাদ্দ করা সরকারি বাসা নিজে ব্যবহার না করে অন্যের কাছে ভাড়া দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের সতর্ক থাকতে হবে।