ঢাকা,  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,

যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯:১২, ২৯ অক্টোবর ২০২৬

যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাপান সফর শেষে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। দুই ঘণ্টা পার হলেও ত্রুটি মেরামত করা সম্ভব হয়নি। এ অবস্থায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা উড়োজাহাজ থেকে নেমে বিমানবন্দরের লাউঞ্জে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিজি-৩৭৭ ফ্লাইটটির ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পরও ফ্লাইটটি ছাড়তে না পারায় পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি যাত্রীদের জানান এবং বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করে রানওয়ের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় ককপিটে স্পয়লারে ত্রুটির সংকেত দেখা যায়। নিরাপত্তার স্বার্থে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

ফ্লাইটের ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন। পাইলট ক্যাপ্টেন ইমামুল জানিয়েছেন, সমস্যা সমাধানে আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। তবে প্রয়োজনীয় মেরামত ও কারিগরি পরীক্ষা শেষ হওয়ার পরই ফ্লাইটটির পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল উড়োজাহাজটির ত্রুটি নিরসনে কাজ করছে।

দীর্ঘ সময় অপেক্ষার কারণে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি অন্য যাত্রীদেরও উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়েছে।

উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণব্যবস্থা। অবতরণের সময় এটি উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। এ ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে নিরাপদ পরিচালনার জন্য উড়োজাহাজের কারিগরি পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করা জরুরি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকৌশলীরা সমস্যা সমাধানে কাজ করছেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পাশাপাশি দেশটির বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে ফিরতি যাত্রা বিলম্বিত হয়েছে।