ঢাকা,  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী

নির্বাচন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৫, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট-সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের ফলাফল গণনা শেষে এ চিত্র পাওয়া গেছে।

নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়।

এ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন জেলা বিএনপির সভাপতি। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হলে উপনির্বাচনের আয়োজন করা হয়।