ঢাকা,  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,

সরকারের পদত্যাগ দাবিতে রাজপথে নামার আহ্বান নাহিদের

রাজনীতি

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ৩০ অক্টোবর ২০২৬

সরকারের পদত্যাগ দাবিতে রাজপথে নামার আহ্বান নাহিদের

ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী শক্তি ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি। 

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের জনগণকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। তাঁর অভিযোগ, দেশে নতুন করে স্বৈরাচারী প্রবণতা তৈরি হচ্ছে। পতিত স্বৈরাচার ও বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের পদত্যাগ এবং সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানাচ্ছে এনসিপি।

সমাবেশে নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সন্ত্রাস-চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার দায় স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মানবাধিকার ও বাকস্বাধীনতার পরিপন্থি আইন বাতিল করতে হবে। জুলাই গণহত্যার বিচার কার্যকর এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি চাওয়ার অভিযোগে পুলিশ মহাপরিদর্শককে অপসারণের দাবিও জানান তিনি।

সমাবেশ থেকে এনসিপির পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো: 

১. ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ এবং একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন।

২. মানবাধিকার ও বাকস্বাধীনতাবিরোধী আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা।

৩. জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করা।

৪. বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি চাওয়ার অভিযোগে পুলিশ মহাপরিদর্শককে অপসারণ। 

সমাবেশে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এ সময় হাসনাত আবদুল্লাহ, সারোয়ার তুষার, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।