ছবি: সংগৃহিত
সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর কুমিল্লায় ‘এসবিএস’ (SBS) গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন কিশোর রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ২২ জন তরুণকে দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে তাঁদের ‘এসবিএস’ গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দিতে দেখা যায়। নিজেদের তৈরি এই গ্রুপের নামে বিভিন্ন ভিডিও প্রকাশ করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
ভিডিওটি পুলিশের নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানা পুলিশ জড়িতদের শনাক্তে কাজ শুরু করে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইয়াছিন আহমেদ আকাশ (১৭), কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (১৯), নরসিংদীর শিবপুর উপজেলার মো. হাবিব (১৭) এবং কুমিল্লার লালমাই উপজেলার মো. হাবিব (১৭)। তাঁরা সবাই কুমিল্লা সদর দক্ষিণের উনাইসার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর একাধিক দল কাজ শুরু করে। পরে তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা নিজেরাই একটি সংগঠন তৈরি করে এর নাম দিয়েছেন ‘এসবিএস’।
গ্রেপ্তার ব্যক্তিদের রোববার আদালতে সোপর্দ করার কথা রয়েছে।




















