ঢাকা,  রোববার, ০১ নভেম্বর ২০২৬,

জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ৩১ অক্টোবর ২০২৬

জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধানের প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা ও রাজনৈতিক ঐকমত্য জরুরি। লংমার্চের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

শনিবার (৩১ অক্টোবর) জুলাই স্মৃতি জাদুঘরে আয়োজিত ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে যেন দেশে আর কোনো জুলাই জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজন না হয়, সে জন্য রাজনৈতিক ঐক্য ও বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে হবে।

তিনি বলেন, সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করা হবে। এ বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। রাজনৈতিক বিভাজন তৈরি না করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। বিচারকরা বিচারকার্য পরিচালনায় যথেষ্ট স্বাধীন। দেশ ও জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জনগণের ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।

তিনি আরও বলেন, বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় বিশ্বাস করে সরকার। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অনেক সংকট এড়ানো সম্ভব।