ঢাকা,  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,

প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে উদ্বেগ

বিদেশ

বিদেশ ডেস্ক

প্রকাশিত: ২০:১৪, ১৮ নভেম্বর ২০২৬

প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে উদ্বেগ

ছবি: সংগৃহীত

ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংকে। বুধবার রাতে চীনের শেনজেন শহরে জমকালো নৈশভোজের আগে লালগালিচায় একসঙ্গে উপস্থিত হন তারা। বৃহস্পতিবার তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পারিবারিক ছবি তোলার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এগিয়ে যান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সামনেই তারা করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।

২০২৫ সালের আগস্টে আলাস্কায় রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প ও পুতিনের আর সাক্ষাৎ হয়নি। এবার তাদের অভিবাদন বিনিময়ের সময় করমর্দনের পাশাপাশি একে অপরের কাঁধে হাত রাখতেও দেখা যায়।

এর আগে শেনজেনের বিমানবন্দরে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান শি জিনপিং। বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে চীনের প্রেসিডেন্টের এভাবে স্বাগত জানানোর ঘটনা বিরল বলে জানিয়েছেন সংবাদদাতারা।

তিন নেতার বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগও তৈরি হয়েছে। বিশেষ করে ইউক্রেনকে আলোচনার বাইরে রেখে দেশটির ভবিষ্যৎ নিয়ে কোনো সমঝোতা হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিবিসির রাশিয়া সম্পাদক জানিয়েছেন, কিছু স্থানীয় সংবাদমাধ্যম ইতোমধ্যে পুতিনের এই সফরকে তার জন্য ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে বর্ণনা করছে। তাদের মতে, সফরটি অনুষ্ঠিত হওয়াটাই পুতিনের জন্য গুরুত্বপূর্ণ।

উৎপাদন ও উন্নত প্রযুক্তির দ্রুত বিকাশমান কেন্দ্র শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে চীন। এর আগে ট্রাম্প ফিলিপাইনে আরেকটি শীর্ষ সম্মেলনে অংশ নেন। সেখানে ভারতের নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবানিজ এবং জাপানের সানায়ে তাকাইচির সঙ্গেও তাকে সাক্ষাৎ করতে দেখা যায়।

বৃহস্পতিবারের বৈঠকে বিশ্বের তিন প্রভাবশালী দেশের নেতারা কী বিষয়ে আলোচনা করেন এবং এর প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতে কতটা পড়ে, সেদিকে নজর রয়েছে বিভিন্ন দেশের।

জনপ্রিয়