ঢাকা,  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,

লালমনিরহাট’ মডেল ৬৩ জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সারাবাংলা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ১৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

লালমনিরহাট’ মডেল ৬৩ জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহিত

আলোকিত লালমনিরহাট’ সংগঠনের ইতিবাচক কার্যক্রম দেশের বাকি ৬৩ জেলায় সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সমাজের সব সমস্যার সমাধান সম্ভব নয়। সামাজিক সংগঠনের উদ্যোগ ও মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অনেক সমস্যার সমাধান করা যায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের গত কয়েক মাসে তিনি উপলব্ধি করেছেন, সব সমস্যার সমাধান আইনের মাধ্যমে করা যায় না। সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। এ কারণে দেশের প্রতিটি জেলায় ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

দেশের অতীত সামাজিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এ সময়ে মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছিল এবং সামাজিক অবক্ষয়ের কারণে সম্মানিত ও গুণী ব্যক্তিরাও অপমানের শিকার হয়েছেন। এ অবস্থা থেকে উত্তরণে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকার গঠনের পর থেকেই জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

‘আলোকিত লালমনিরহাট’-এর কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সংগঠনটিতে বিভিন্ন মতাদর্শ, ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করছেন। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, সংগঠনটির কার্যক্রম তার প্রমাণ।

তিনি আরও বলেন, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। তাই আগামী প্রজন্মকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে।

পরিবেশ দূষণ ও মাদক সমস্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, দেশের নদী-নালা, খাল-বিল আবর্জনায় ভরে যাচ্ছে। এতে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। যত্রতত্র বর্জ্য না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি লালমনিরহাটের মাদক সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। ফুল, ফল ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন তিনি।

‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়