ঢাকা,  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,

ঈশ্বরদীতে বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি, আহত ৫

সারাবাংলা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৬, ২৩ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদীতে বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি, আহত ৫

ছবি: সংগৃহিত

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও গুলির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পাঁচজনের প্রত্যেকেই গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধরা হলেন পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া ফেরদৌস জানান, পাঁচজনকেই গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের প্রত্যেকের পায়ে গুলি লেগেছে। গুলি শরীরের গভীরে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তা অপসারণ সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার কারণ নিয়ে স্থানীয় পর্যায়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। একটি সূত্রের দাবি, সাঁড়া মাজদিয়া এলাকায় বালুর ঘাটের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে এক পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন।

অন্যদিকে আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে তাঁরা আহত হন।

তবে বালুর ঘাটের দখল নিয়ে বিরোধ কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ, কোনোটিই স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় সেখানে বিক্ষোভ মিছিল চলছিল, নাকি মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তা নিয়েও ভিন্ন তথ্য রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে প্রতিপক্ষ কারা এবং কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত জেনে পরে জানানো হবে।

এদিকে হামলার অভিযোগ ও ঘটনার কারণ সম্পর্কে জানতে বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। আহতদের স্বজনদের বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি। ফলে হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো অজানা।

সর্বশেষ

জনপ্রিয়