ছবি: সংগৃহিত
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, অন্তত ছয়টি ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর ও গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সময় বক্তাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ সময় ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা শাকিলের ভাই সাজিদের ধাক্কাধাক্কি হয়।
এর জের ধরে সন্ধ্যার পর দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় দুই পক্ষ থেকে প্রায় ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিরাজুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছেন তাঁরা। তবে পুলিশ ঘটনাস্থলে যায়নি। দুই পক্ষ নিজেরা বিষয়টি মীমাংসা করে নিয়েছে বলে শুনেছেন। এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।












