ঢাকা,  রোববার, ২৯ নভেম্বর ২০২৬,

ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ২৭ নভেম্বর ২০২৬

ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহিত

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও হাসান (২৬) নামে এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার ভোরে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, রাত দুইটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে এগিয়ে গেলে মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা। 

পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। আর হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া বলেন, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

ওসি বলেন, কী নিয়ে বিরোধ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্তের পর জানা যাবে।

জনপ্রিয়