ঢাকা,  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,

জাপানের সঙ্গে ৬ চুক্তি, ঋণ দেবে ২৯.৫৫ কোটি ডলার

উপকূলীয় নিরাপত্তা, কৃষি, মৎস্য ও কর্মসংস্থানে সহযোগিতা বাড়ছে

জাপানের সঙ্গে ৬ চুক্তি, ঋণ দেবে ২৯.৫৫ কোটি ডলার

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে ছয়টি নথি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন সফরের বিভিন্ন অর্জনের তথ্য জানান।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চার দিনের সরকারি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাক্ষরিত নথিগুলোতে সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্ক, কৃষি, কর্মসংস্থান, মৎস্য ও প্রাণিসম্পদ এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে একটি টহল জাহাজ সরবরাহের জন্য সর্বোচ্চ ২ দশমিক ১২ বিলিয়ন জাপানি ইয়েন বা ১ কোটি ৩৪ লাখ মার্কিন ডলারের অনুদান চুক্তি হয়েছে।

এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

কৃষি, বন ও মৎস্য বিষয়ে জাপানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পৃথক দুটি সহযোগিতা স্মারক সই হয়েছে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি নিয়েও দুই দেশ সহযোগিতা করতে সম্মত হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াতে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে একটি আগ্রহপত্রও স্বাক্ষরিত হয়েছে।

দুটি প্রকল্পে ঋণের প্রতিশ্রুতি

বিনিয়োগ পরিবেশ উন্নয়নের একটি প্রকল্প বাস্তবায়নে ১৫ দশমিক ৮৮ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ১০ কোটি ৮ লাখ মার্কিন ডলার ঋণ দেবে জাপান।

অন্যদিকে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে ৩০ দশমিক ৬৮ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ১৯ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

দুটি প্রকল্পে মোট ঋণের পরিমাণ ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন জাপানি ইয়েন, যা প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলারের সমান।

প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সফরের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।