ঢাকা,  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,

অজু ছাড়া মোবাইল স্ক্রিনে কোরআনের আয়াত স্পর্শ করা যাবে?

ধর্ম ও জীবন

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ১৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ

অজু ছাড়া মোবাইল স্ক্রিনে কোরআনের আয়াত স্পর্শ করা যাবে?

ছবি: সংগৃহিত

মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবী-রাসুলকে কিতাব দিয়েছেন। হজরত মুহাম্মদ (সা.)-কে দিয়েছেন পবিত্র কোরআন। পবিত্র কোরআন সমগ্র মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। এটি আল্লাহর কথা। কোরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মহান আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করল তার বিনিময়ে সে একটি সওয়াব পাবে, আর একটি নেকির বদলা হবে দশগুণ। এ কথা বলছি না যে, আলিফ-লাম-মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর।’ (সুনানে তিরমিজ, হাদিস: ২৯১০)

সাহাবি আবু মুসা আশআরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরআন তেলাওয়াতকারী ইমানদারের দৃষ্টান্ত কমলালেবুর মতো। এর স্বাদও উৎকৃষ্ট এবং সুগন্ধও উৎকৃষ্ট। আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত যেন খেজুরের মতো। এটি খেতে সুস্বাদু বটে, তবে তার কোনো সুঘ্রাণ নেই। কোরআন তেলাওয়াতকারী পাপী ব্যক্তিটি সুগন্ধি ফুলের মতো। এর সুগন্ধ আছে বটে, তবে স্বাদে তিক্ত। আর যে অতি পাপী হয়েও কোরআনও তেলাওয়াত করে না সে মাকাল ফলের মতো। এ ফল স্বাদেও তিক্ত আর এর কোনো সুগন্ধ নেই।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০২০)

সচেতন মুমিন মাত্রই কোরআন তেলাওয়াতে আগ্রহী। সে প্রায়ই কোরআন তেলাওয়াত করতে চায়। বর্তমানে প্রযুক্তির সহজলভ্যতায় অনেকে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে কোরআন তেলাওয়াতের সুযোগ পাচ্ছেন। কম্পিউটার, মোবাইল বা অন্য যে কোনো ডিজিটাল ডিভাইসে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে স্ক্রিন স্পর্শ না করে হরফ দেখে দেখে তেলাওয়াত করলে অজু থাকা জরুরি নয়। অজু ছাড়াও তেলাওয়াত করা যাবে। তবে গোসল ফরজ হলে তা জায়েজ হবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ঋতুস্রাব ও গোসল আবশ্যক হওয়া ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৩১)

অজু ছাড়া কোরআন স্পর্শ করা জায়েজ নেই। আল্লাহ বলেন, ‘পবিত্ররা ছাড়া অন্য কেউ তা (কোরআন) স্পর্শ করবে না।’ (সুরা ওয়াকিয়া, আয়াত: ৭৯)

হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘পবিত্র হওয়া ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না।’ (মুয়াত্তা মালিক, হাদিস: ৬৮০)

উল্লিখিত কোরআনের আয়াত ও হাদিসের আলোকে ইসলাম বিশেষজ্ঞরা বলেন, অজু ছাড়া স্ক্রিন স্পর্শ করে কোরআন তেলাওয়াত করা যাবে না। স্ক্রিনে ভেসে ওঠা কোরআনের আয়াত স্পর্শ করতে হলে অজু থাকতে হবে। তবে কোরআনের অক্ষর স্পর্শ না করে যদি আশপাশে বা অন্য অংশে স্পর্শ করে কোরআন তেলাওয়াত করা যায়, তাহলে অজুর প্রয়োজন নেই।

ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারের এক ফতোয়ায় বলা হয়েছে, ‘মোবাইলের স্ক্রিনে কোরআন শরিফের আয়াত দৃশ্যমান থাকা অবস্থায় অজু ছাড়া স্ক্রিনে আয়াতের ওপর স্পর্শ করা যাবে না। প্রয়োজনে স্ক্রিনের পাশের খালি জায়গায় আঙুল দেওয়া যাবে। আর স্ক্রিনটাচ মোবাইলে প্লাস্টিক বা কাঁচের আবরণ যেহেতু মূল স্ক্রিনের সঙ্গে অবিচ্ছিন্নভাবে যুক্ত এবং তাতে হাতের স্পর্শও কার্যকর। তাই এক্ষেত্রে ‘অজু ছাড়া গ্লাসের ওপর স্পর্শ করা হচ্ছে; লেখার ওপর নয়’- এ ধরনের কথা বলা ঠিক নয়।’ (আলবাহরুর রায়েক, খণ্ড: ১, পৃষ্ঠা: ২০১; রদ্দুল মুহতার, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৭৩)

মুফতি তকি উসমানিসহ সমকালীন কোনো কোনো আলেম বলেছেন, কোরআনের লিপি স্থায়ী হলে অজু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই। যেমন- কাগজে ছাপা অক্ষরের কোরআন। মোবাইল স্ক্রিনে কোরআন স্থায়ী নয়। কিছু আলোকরশ্মির মাধ্যমে তা স্বল্প সময়ের জন্য দৃশ্যমান হয়। তা ছাড়া এর ওপর গ্লাসের আবরণও থাকে। তাই তা অজু ছাড়া স্পর্শ করা যাবে। (শায়খ সালেহ আল-মুনাজ্জিদ, আল-ইসলাম, সওয়াল-জওয়াব, ফতোয়া, ১০৬৯৬৬১)

সর্বশেষ